
আহসানুল হাবিব সোহাগ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তিন মাদক কারবারি হলেন মো. রাসেল (২৮), সোয়েব আক্তার (২২) ও মো. সজিব খলিফা (২৬)। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৬ জন এবং পূর্বের একটি চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের নতুন বাজার, আদমজী, মিজমিজি, মুজিববাগ, আটি ফকিরবাড়ী, কদমতলী গ্যাস লাইন, চর শিমুলপাড়া, গোদনাইল ধনকুন্ডা, হামিদপুর, সুমিলপাড়া বিহারি কলোনি, পাগলাবাড়ী, মাইচ্ছাপাড়া রেললাইন, বিহারি কলোনি পানির ট্যাংকি এলাকা ও পূর্ব সানারপাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় এক মাদক কারবারির কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

