
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল, সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শহরের তল্লা হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক রায়হান কবির। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
অন্যদিকে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, বাসদ, বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন পৃথক র্যালি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করে। বিভিন্ন সংগঠন জুলাই শহীদদের স্মরণ, আহতদের পুনর্বাসন এবং জুলাইয়ের ঘোষিত লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানায়।

