
গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে এক সংবাদকর্মীকে নিয়ে অসত্য ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সাংবাদিক শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে সাইবার নিরাপত্তা আইনে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় কর্মরত সাংবাদিক নাঈম (বয়স ৩২) গত ২১ জুলাই শ্রীপুর থানায় একটি জিডি করেছেন। তিনি দৈনিক *দেশ বর্তমানে* পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ঘটনার আড়ালে’ নামের একটি ফেসবুক পেজ ও SM Jaherul Islam’ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও সম্মানহানিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। এর ফলে তার ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগেও এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও তা কার্যকর হয়নি। বর্তমান জিডিতে আরও বলা হয়েছে, এই অপপ্রচার চক্রের মূল হোতা শ্রীপুরের মো. জহিরুল ধলাদিয়া। তার ব্যবহৃত মোবাইল ফোনে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য থাকতে পারে বলে অভিযোগে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর আলোকে দ্রুত তদন্ত, সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও পোস্ট অপসারণ, জড়িতদের ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। পাশাপাশি পরিবারসহ সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষা চেয়েছেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি জিডি নং ১৫০২ (তারিখ ২১/০৭/২০২৬) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্তের জন্য থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

