
মোঃ হাফিজুল ইসলাম : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযানে একটি দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সদর উপজেলার কুলতিয়া ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার-এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারার বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং ওই একটিই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত এ ধরনের তদারকিমূলক অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

