
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনারা জানেন বিগত দুই সরকারের অবহেলার কারণে হামে অনেক শিশুকে হারিয়েছি। ডেঙ্গুর প্রাদুর্ভাব আমাদের দেশে সবচেয়ে বেশি। আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের সঙ্গে ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আলাপ করেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন।
আমরা ডেঙ্গুতে আর কোনো মৃত্যু চাই না। আমরা চাই নারায়ণগঞ্জে একজন মানুষও ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করুক। আমাদের সবচেয়ে বেশি যিনি প্রেরণা দেন সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই আমরা আজকের এই কর্মসূচি পালন করছি।
শনিবার (৬ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।এ সময় তিনি নগরবাসীকে এই কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
এ সময় নাসিক প্রশাসক আরও বলেন, সবাই নিজ নিজ ভূমিকা পালন করে এ কাজে সহযোগিতা করবেন, এটাই কামনা। আমরা মশকনিধন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি আমি এ সপ্তাহ থেকে প্রতিটি স্কুল পরিদর্শন করব, ছাত্রদের সচেতন করব। মানুষের বাড়ির আঙিনা, তাদের ঘরে ডেঙ্গু মশা মুক্ত করার জন্য আমাদের অভিযান শুরু হলো।
সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের যে দিন দায়িত্ব দিয়েছেন সে দিনই তিনি জাপানের একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে দিয়ে আমাদের বিভিন্ন বিষয়গুলো শিখিয়েছেন। আমাদের আজকের কর্মসূচি হলো সারা বাংলাদেশে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
মানুষকে নিজের স্বাস্থ্য তার পরিবারের আশপাশের লোকজনের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা যার যার বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, এটাই সরকারের মূল উদ্দেশ্য।

