
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলাম’র মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে এবং খাস জমি থেকে দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ই মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শ্রীউলা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মো. আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন কৃষক ও ভূমিহীন হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগে আমার ভাইসহ দুই একর জমি ইজারা নিয়ে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসচ্ছি। কিন্তু দখলে থাকা অবস্থায় বিবাদীরা একাধিকবার মিথ্যা মামলা (মিস কেস) দায়ের করেন, যেগুলো ইতিমধ্যে সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১১ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তার দখলীয় মাছের ঘেরে লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের পুত্র তাঁতীদল নেতা রিপন মল্লিকসহ, ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিক এবং গাজীপুর গ্রামের আব্দুস ছাত্তার মোড়ল ছুপুর পুত্র বিএনপি নেতা রফিকুজ্জানন ছট্টুর নেতৃত্বে অবৈধভাবে প্রবেশ করে খাস জমিতে বসবাসরত দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়। একই সঙ্গে তার মাছের ঘের দখলের অপচেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় মানববন্ধন শ্রীউল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহ: সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম সরদার এবং মরিয়ম বিবি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে খাস জমি ও মাছের ঘের দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ভূমিদস্যুতা, জবরদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় মানববন্ধনে কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, ডা.রিপন, কাজল, আবু সাঈদসহ এলাকা শতাধিক ভুক্তভোগে উপস্থিত ছিলেন ।

