
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ (হোপ) প্রকল্পের আওতায় সাতক্ষীরায় মানবাধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সচেতনতামূলক জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেন’সহ আরও অনেকে।
কর্মসূচির শুরুতে ব্যানার, ফেস্টুন ও স্লোগান সম্বলিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

