
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রদর্শক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সজীব বায়োলজি একাডেমি কোচিং সেন্টারের পরিচালক সজীব কর্তৃক প্রদর্শক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ ঘটনায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি এক বিবৃতিতে জানায়, একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর, তাদের মর্যাদা রক্ষা করা সমাজের সকলের দায়িত্ব।
সংগঠনটির সভাপতি তারিক ইসলাম এক বিবৃতিতে বলেন, “শিক্ষকের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।”
এদিকে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় গণিত বিভাগের শিক্ষার্থী বখতিয়ার হোসেন বলেন, স্যারের সঙ্গে এ ধরনের আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, তারা প্রদর্শক শহিদুল ইসলামের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু সমাধান চান। শিক্ষকের সম্মান রক্ষায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রতিবাদকারীরা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

