
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গত ২ মে দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. নাহিদ মিয়া (২৫)। তার বাড়ি নড়াইল জেলার ডৌয়াতলা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

