
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, তিনি আওয়ামী লীগের আতঙ্ক, বিএনপির নয়। তিনি আরও বলেন, বিএনপির মধ্যে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, তাদের কাছেই তিনি ‘আতঙ্ক’।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের কালাবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা ও মহানগর জাসাসের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “আদর্শবান নেতা আদর্শবান কর্মী তৈরি করতে পারেন। শহীদ জিয়াউর রহমান একজন আদর্শবান নেতা ছিলেন। আমরা যদি আদর্শবান নেতাকর্মী হতে পারতাম, তাহলে বক্তৃতার সময় নেতাদের প্রতি আরও শৃঙ্খলা ও শ্রদ্ধা থাকত।”
তিনি আরও বলেন, অনেকেই অভিযোগ করেন তাদের দাওয়াত দেওয়া হয় না, তবে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদেরও বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে। তবুও আন্দোলন-সংগ্রামে অনেককে পাশে পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
জাসাস নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের ধন্যবাদ জানাই। তবে আন্দোলন-সংগ্রামের সময় অনেকেই সক্রিয় থাকেন না বলে তিনি অভিযোগ করেন।
টিপু বলেন, “আমরা কখনো ভয় পাইনি। নারায়ণগঞ্জের শামীম ওসমানকে বা শেখ হাসিনাকে আমরা ভয় পাইনি।” তিনি আরও দাবি করেন, তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেই সাহস নিয়ে কথা বলেন।
তিনি বলেন, “আমি বিএনপির আতঙ্ক নই, আওয়ামী লীগের আতঙ্ক। আর যারা দলে ঘাপটি মেরে আছে, তাদের কাছেই আমি আতঙ্ক।”
সভায় জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ নেতৃবৃন্দ।

