
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ঔষধ, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় ৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা ও হিজলদী বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানিক দল সীমান্তবর্তী গেরাখালি ও কেরাগাছি এলাকা থেকে আনুমানিক ৭ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে। মাদরা বিওপির একটি দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
অন্যদিকে, তলুইগাছা বিওপির পৃথক দুইটি আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ও মজুমদারের খাল এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ৬৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। একই সময়ে হিজলদী বিওপির একটি দল গোবরা পোতা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ৯ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের অর্থনীতি ও স্থানীয় শিল্প সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।”
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

