
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জেলা ছাত্রদল নেতাসহ সাতজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনের কাছে মাদক পাওয়ায় তাকে আটক দেখিয়েছে পুলিশ।

জানা গেছে, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, শিয়াচর হাজিবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। এলাকায় মাদক কারবার, কলকারখানার বর্জ্য মাল ও ভূমিদস্যুতা একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেন জয়নাল। সম্প্রতি এতে ভাগ বসায় ইউনুস মাস্টার ও তাঁর অনুসারীরা। এসব নিয়ে বিরোধের জেরে আজ দুপুর থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলের দিকে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।ভাঙচুর করা হয় একাধিক বাসাবাড়ি। আহত হন অন্তত ছয়জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দুই পক্ষের সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের একজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। তাঁকে আটক দেখিয়ে বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

