
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব আদমজী নতুন বাজার সাবেদ আলী মার্কেট সংলগ্ন স্থানে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাতসহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এডভোকেট শাহ আলম মানিক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী এবং দেশের অমূল্য সম্পদ। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় আছেন, আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনেত্রী যেন সুস্থ হয়ে আবার এই দেশে বিএনপির সরকার গঠন করে দেশটাকে যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন।

