
মোঃমতিউর রহমান ,তালা,সাতক্ষীরা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন সাতক্ষীরা তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের ছেলে তানভীর হোসেন ৷ পিতা মোঃ রুবেল শেখ ও মাতা রহিমা বেগমের একমাত্র সন্তান তানভীর হোসেন, খেশরা এইচএমএস মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজ হতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ৷ পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ হতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন ৷ ১৪ এপ্রিল ১৯৯৭ জন্ম নেয়া অদম্য সংগ্রামী মেধাবী তানভীর হোসেন, উপজেলার একটি নিভৃত অজপাড়া গ্রাম থেকে বেড়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাজকর্ম বিভাগের প্রভাষক নিযুক্ত হয়েছেন। একাডেমিক রেজাল্ট,লিখিত পরীক্ষা ও মৌখিক ভাইভার মত ধাপগুলোতে মেধার স্বাক্ষর রেখেছেন। গত ১১/০৮/২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৫৪১ তম সিন্ডকেট সভা তাকে শিক্ষক হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। কর্মজীবনে তিনি সমাজসেবা অধিদফতর ও সবশেষ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(বিপিএটিসি) স্কুল এন্ড কলেজে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে কর্মরত ছিলেন। তার এই সাফল্যে স্থানীয় মানুষ উচ্ছ্বাসিত। তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়৷ নবনিযুক্ত এই শিক্ষক সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

