রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো একেবারেই অযৌক্তিক। এসব সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্পকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
এ সময় ডিজাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এ আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com