বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬
বীমা খাত নিয়ে কাজ করতে গিয়ে বাজে অভিজ্ঞতার কথা জানিয়ে অর্থ ও পরিকল্পনাকারী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বীমা খাতে যখন হাত দিয়েছি, সব ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা। এটি ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ‘ভালো কিছু নয়’।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার বীমা ও ব্যাংকিং ব্যবস্থা ছাড়াও কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ব্যাংকিং সিস্টেমটা যে জায়গায় গিয়েছে, ইনস্যুরেন্সও কিন্তু একই জায়গায় গিয়েছে।
বীমা খাতের বাজে অবস্থা তুলে ধরে তিনি বলেন, কিন্তু আমি যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম যে একই অবস্থা। ইনস্যুরেন্স কোম্পানিগুলো মিসইউজ করেছে। আপনার ক্লেইম পেমেন্ট করছে না, কিন্তু নিজেরা প্রপার্টি কিনেছে।
‘নিজেরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, পার্সোনালি ইনভেস্টমেন্ট করছে, আবার ইনস্যুরেন্সের টাকাও ইনভেস্টমেন্ট করছে। মানে, কী যে একটা অবস্থা’-যোগ করেন আমির খসরু।
বীমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারের রাজস্ব আসছে না, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, আমরা যখন এসব বিষয়ে হাত দিচ্ছি, তখন অনেক সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।
মন্ত্রী ভাষ্য, আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সবাইকে বলব যে, আমি নিজেও চেষ্টা করছি, প্রাইম মিনিস্টার চেষ্টা করছেন, গভর্নর চেষ্টা করছেন। যেটা হচ্ছে, যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করে করতে হবে। আমরা সব স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করতে আগ্রহী।”
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংস্কার করতে প্রস্তুত আছে, ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।
কাস্টমস নিয়ে অর্থমন্ত্রী বলেন, 'আমি কাস্টমসকে...এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে...এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।'
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে কনসালটেন্সির প্রসেসটা আমরা অব্যাহত রাখতে চাই। আর আমরা না রাখলেও আই ওয়ান্ট ইয়োর (ব্যবসায়ী স্টেকহোল্ডার) রেসপন্স, প্লিজ।'
অর্থমন্ত্রী আরও বলেন, 'আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো। মানে রিফর্ম—গভর্নমেন্ট যতই অ্যাগ্রেসিভ হোক রিফর্ম নিয়ে, যতই প্রোঅ্যাকটিভ হোক, ইট উইল নট হ্যাপেন আনলেস স্টেকহোল্ডারস কাম ফরোয়ার্ড। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ, কাম ফরোয়ার্ড। উই আর রেডি টু গো। আমরা পেইনফুল ডিসিশন নিতে প্রস্তুত আছি।পেইনফুল ডিসিশন নিয়েও যদি দেশের ব্যবসা-বাণিজ্য, ইনভেস্টমেন্ট, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে আমি মনে করি।'
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন 'বার্তা' প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com