আজ
|| || ||
বিমানের জ্বালানি তেল পরিবহনে চুরি-অনিয়ম রোধে কঠোর সিদ্ধান্ত, চালু হচ্ছে নজরদারি ব্যবস্থা
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬
জ্বালানি চুরি ও পরিবহন অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি বিমানের জ্বালানি তেল পরিবহনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্যাংকলরি মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে বিটিএমসি ভবনের ১০ম তলায় পদ্মা অয়েল কোম্পানির নিয়োগপ্রাপ্ত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিমানের জ্বালানি তেল চুরি ও পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরিবহন সংশ্লিষ্ট কোনো ট্যাংকলরির মালিক জ্বালানি তেল চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার সঙ্গে সম্পাদিত পরিবহন চুক্তি বাতিল করা হবে এবং জামানত বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় পদ্মা অয়েল কোম্পানির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বিমানের জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত ট্যাংকলরির চালক ও শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের বিষয়ে মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা একমত পোষণ করেন। পাশাপাশি পরিবহনকারী সকল ট্যাংকলরিতে Vehicle Tracking System (VTS) স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে মালিক সমিতির আশ্বাস প্রদান করা হয়।
পরিবহন কার্যক্রম অধিকতর নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি কন্ট্রোল সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কন্ট্রোল সেলের মাধ্যমে বিমানের জ্বালানি তেল পরিবহনকারী সকল ট্যাংকলরির চলাচল সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। পরিবহনকালে কোনো ট্যাংকলরিতে যান্ত্রিক বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কিংবা কোনো ট্যাংকলরি বিমানবন্দরে জ্বালানি তেল পৌঁছাতে বিলম্ব হলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৯ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন কোনো ট্যাংকলরি দিয়ে বিমানের জ্বালানি তেল পরিবহন করা যাবে না।
সভায় পরিবহন সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব মো. নাজমুল হক, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাজেদুল করিম, কাসেমসহ জনাব মো. সাইফুদ্দীন মাতবর, জনাব কামাল বিশ্বাস, জনাব মিজানুর রহমান, জনাব মনসুর পারভেজ, জনাব সারির আহমেদ ও জনাব রাজিব আহমেদ বক্তব্য রাখেন। এছাড়া শ্রমিক প্রতিনিধিদের মধ্যে হাজী মো. জাহিদ হোসেন ও জনাব নাকি ভূঁইয়া সভায় বক্তব্য প্রদান করেন। সভায় অংশগ্রহণকারী সকল পক্ষ বিমানের জ্বালানি তেল পরিবহনে চুরি ও অনিয়ম প্রতিরোধ, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ, স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.