মুকসুদপুর থানায় আগুন নিরাপত্তার অভাবে দুই ঘণ্টা পর আগুন নেভাতে যায় ফায়ার সার্ভিস
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। পুলিশি নিরাপত্তা না পাওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে নিরাপত্তা নিশ্চিত হলে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৩ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংসতার জেরে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। তবে তাৎক্ষণিকভাবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে পারেননি।
পরে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১টা ৫৫ মিনিটে মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ২টায় ইউনিট দুটি সেখানে পৌঁছায়। বর্তমানে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা ও নিরাপত্তায় আগুন নেভানোর কাজ চলছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঘোষিত কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবন ও প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com