আজ
|| || ||
ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দিনব্যাপী সহিংসতার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই জেলার সব সরকারি-বেসরকারি অফিস-আদালত ও দোকানপাট যথানিয়মে খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। শহর ও আশপাশের এলাকায় যৌথ বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
বিজিবির জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ড্রোন দিয়ে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।
এদিকে প্রায় দুই বছর সাত মাস বন্ধ থাকার পর সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে কার্যালয়ের তালা খোলা হয়। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেন বলে জানা গেছে।
এর আগে রোববার (১৫ নভেম্বর) দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো সহিংসতা চালান বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে রোববার রাতে জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।
সার্বিক বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার বিকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.