দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল (৫০) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন রফিকুল। তবে প্রতিদিনের খাবার খেতেন বড় ভাইয়ের বাড়িতে।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশের এলাকা ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে ফিরে এসে বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।


