ঢাবি শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন, ঠিকাদারী প্রতিষ্ঠান হতে অনৈতিক সুবিধা গ্রহণ, সিট বরাদ্দে অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, অত্র হলের প্রাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আক্তারুজ্জামান ২৯/০৯/২০২৪ তারিখে নিয়োগ পান।
প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভের পর তিনি কর্মচারী নিয়োগের জন্য একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে একাধিক চাকরি প্রত্যাশী আবেদন করলেও অর্থের বিনিময়ে প্রাধ্যক্ষ তার নিজ এলাকার প্রার্থী ও নিকটাত্মীয়দের নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত দুই বছরে শেখ মুজিবুর রহমান হলে যেসব কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তাদের স্থায়ী ঠিকানায় দেখা যায়, প্রায় সকলেই প্রাধ্যক্ষের নিজ এলাকার এবং অনেকে তার আত্মীয়-স্বজন। লিফটম্যান পদে- মোহাম্মদ ইমরান হোসেন (খুলনা), ইলেকট্রিক কাম জেনারেটর অপারেটর পদে- মোঃ আব্দুল্লাহ আল মামুন (খুলনা) ও মোঃ আবু রায়হান (খুলনা), নিরাপত্তা প্রহরী পদে- আবু হাসান শেখ (খুলনা), হাবিবুর রহমান (খুলনা), মোঃ মনিরুজ্জামান (খুলনা), মোঃ ইকরামুল মোড়ল (খুলনা), মোঃ আব্দুল্লাহ আল মামুন (খুলনা), পরিচ্ছন্নতাকর্মী পদে- মাছুম বিল্লাহ (খুলনা), এসএম আব্দুল আলী (খুলনা), মোঃ মহিবুল্লাহ (খুলনা), ফাহিম উদ্দিন গাজী (খুলনা), রানা আহমেদ মোড়ল (খুলনা), মো. আশরাফুল ইসলাম (খুলনা), নিরাপত্তা প্রহরী পদে- ডাবলুর রহমান মোল্লা এবং শেখ মুজাহিদুল আলম (তালা, সাতক্ষীরা- বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটে কর্মরত এক শিক্ষকের এলাকার), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মাহমুদুল হাসান (কেশবপুর, যশোর), লিফটম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক (কেশবপুর, যশোর), প্লাম্বার মিস্ত্রি পদে- আব্দুস সেলিম (কেশবপুর, যশোর), অফিস সহায়ক পদে- সিয়াম খানকে (কেশবপুর, যশোর) নিয়োগ দেয়া হয়।
অভিযোগ আছে যে, এদের মধ্যে তার নাতি, ভাতিজা, ভাগ্নির জামাতা, স্ত্রীর নিকাটাত্মীয়সহ আরও আত্মীয়-স্বজন রয়েছে। কর্মচারী নিয়োগের সময় নিয়োগ বোর্ডে প্রাধ্যক্ষ আক্তারুজ্জামান তার পছন্দের কিছু শিক্ষককে ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, নিয়োগ বোর্ডের একজন সদস্যের স্থায়ী ঠিকানা ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগপ্রাপ্ত দুইজন কর্মচারীর স্থায়ী ঠিকানা একই উপজেলায়। তাছাড়া আত্মীয়-স্বজনকে নিয়োগের জন্য প্রাধ্যক্ষ একাধিক নিয়োগে বয়সের শর্ত শিথিল করেন। দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে অত্র হলের একাধিক শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তারা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন।
এছাড়া প্রাধ্যক্ষ আক্তারুজ্জামানের বিরুদ্ধে হলের বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণেরও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, অত্র হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ক্যান্টিনের মালামাল ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু প্রাধ্যক্ষ আক্তারুজ্জামান ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল বুঝে না নিয়ে সরাসরি অর্থ গ্রহণ করেন এবং তিনি সেই অর্থের সামান্য অংশ দিয়ে কিছু মালামাল ক্রয় করে বাকি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি উপহার হিসেবে একটি এসি নিয়েছেন এবং নিজ বাসার বিভিন্ন উন্নয়ন কাজ করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান, ওয়াহিদ কনস্ট্রাকশনের ম্যানেজার শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন এবং প্রজেক্ট ম্যানেজার রুকনের সাথে যোগাযোগ করতে বলেন।
প্রজেক্ট ম্যানেজার রুকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ কাজের ব্যাপারে অবগত নন এবং এখানে কাজের শেষে যোগদান করেছেন বলে জানান।
প্রাধ্যক্ষের বিরুদ্ধে অত্র হলের নতুন ভবনে সিট বরাদ্দের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, সর্বশেষ সিট বরাদ্দেও প্রকাশিত তালিকায় নাম উল্লেখ না করে ১০০০৪ এবং ১০০০৫ নম্বর কক্ষে (দক্ষিণ ব্লক) পছন্দের শিক্ষার্থীকে বরাদ্দ দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে হলের আবাসিক শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বাসা বরাদ্দ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, হলের সিনিয়র কর্মচারীকে বাসা বরাদ্দ না দিয়ে তার নিজ এলাকার নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে বাসা বরাদ্দ দিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ওয়াহিদ কনস্ট্রাকশন ২০১৮ সালে কাজ শুরু করে যা এখনো চলমান। তাদের কাছ থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। বরং তাদের দিয়ে প্রতিষ্ঠানের জন্য আরও কাজ করিয়েছি।’ কর্মচারী নিয়োগে অনিয়মের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন এনসিটিবিতে (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) বইয়ের কাজের জন্য ব্যস্ত আছি। এখানে মোবাইলের নেটওয়ার্কও ভালো নেই। আপনি সরাসরি যোগাযোগ করলে সবকিছু পরিষ্কারভাবে জানানো যাবে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com