আজ রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যার হুমকি পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে এমন হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন এই এমপি। আর তাকে হুমকি দিচ্ছেন ভারতের একজন কুখ্যাত গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই!

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটাই অভিযোগ মাহমুদা মিতুর।

হুমকির কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন এনসিপি নেত্রী। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো হুমকির বার্তাও রয়েছে বলে স্ক্রিনশটে দেখা যায়।

একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন তিনি।

মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’

সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদকে উদ্দেশ করে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে মিতু লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

তিনি শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

লরেন্স বিষ্ণোই একজন ভারতীয় গ্যাংস্টার। তিনি বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালাকে হত্যার পরিকল্পনার জন্য পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ দুই ডজন ফৌজদারি মামলা রয়েছে। তার গ্যাং ৭০০’র বেশি শুটারের সাথে যুক্ত।

Exit mobile version