শিক্ষার্থীদের আত্ম-অনুসন্ধান ও নেতৃত্ব বিকাশে স্বেচ্ছাসেবী যুব সংগঠন Soul For Youth-এর ‘WHO AM I?’ ওয়ার্কশপ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজুর রহমান অলি একাডেমিতে শিক্ষার্থীদের আত্ম-অনুসন্ধান, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে ‘আমি কে?’ (WHO AM I?) শীর্ষক একটি সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক ওয়ার্কশপ কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন Soul For Youth
আজ (১২ নভেম্বর) আয়োজিত এ ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের নিজস্ব সক্ষমতা, সম্ভাবনা ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়নে শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় তুলে ধরা হয়।
এই ওয়ার্কশটিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ২০ জন উদ্যমী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় তাদের সামনে Soul For Youth-এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, সমাজের ইতিবাচক পরিবর্তন, বৈষম্যহীন পরিবেশ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণরাই হতে পারে অন্যতম প্রধান চালিকা শক্তি। এজন্য আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নেতৃত্বের দক্ষতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
Soul For Youth-এর অন্যতম সংগঠক মাহমুদ সারোয়ার আয়োজনের মূল সেশন পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন সংগঠনটির সংগঠক মো. রনি পাটোয়ারী ও সোনিয়া আক্তার।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে সূচনা বক্তব্যে সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ স্যার শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ রুকুনুজ্জামান স্যার শিক্ষার্থীদের Soul For Youth-এর সঙ্গে সম্পৃক্ত থেকে মহৎ, মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Soul For Youth সম্পর্কে:
Soul For Youth একটি যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল দর্শন “Empowering Youth • Building a Better Future”। সংগঠনটি তরুণদের ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে কাজ করে। এর কার্যক্রমের প্রধান ক্ষেত্রগুলো হলো—জলবায়ু সুরক্ষা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য, সবার জন্য শিক্ষা, প্রাণিকল্যাণ, স্বাস্থ্য ও জীববৈচিত্র্য এবং কমিউনিটি কল্যাণ। CARE • EMPOWER • ELEVATE মূলনীতিকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই সমাজ গড়ে তোলাই সংগঠনটির অঙ্গীকার।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com