আজ
|| || ||
ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন-কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬),ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
এজাহারে বলা হয়,মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করার চেষ্টা করা হয়।
এজাহারে আরও বলা হয়, এসময় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে পুলিশের সদস্যদের ঘিরে ধরে। তাঁরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারধর এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.