স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে তার দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (১০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ দাবি জানান।
পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’
তিনি আরও লেখেন, এটি কি তার চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন সেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।
এর আগে, মঙ্গলবার দেওয়া আরেক ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, সারা দেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে চলছে একধরনের নীরব প্রশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে।
ওই পোস্টে তিনি লেখেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।
ওই পোস্টের শেষে তিনি লেখেন, ক্যাম্পাসের ভেতর দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com