আজ
|| || ||
কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়াবে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২৬
কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়াবে সরকার: খাদ্যমন্ত্রী
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, কৃষকের স্বার্থ, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এফপিএমসি সভায় আমন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কোনো কৃষক এর চেয়ে বেশি পরিমাণ ধান সরকারের কাছে বিক্রি করতে চাইলে তা কেনার ব্যবস্থা করা হবে। লক্ষ্যমাত্রার অজুহাতে কোনো কৃষককে ধান ক্রয় না করে ফেরত দেওয়া যাবে না। কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে এলে তার কাছ থেকে ধান কিনতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
প্রেস ব্রিফিংয়ে খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহাবুব রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.