রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৬
শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলার কদমতলী এলাকা ও পুরাতন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি স্থানীয় কদমতলী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পাটকেল নিক্ষেপ করে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এ সময় পুরো কসবা শহর রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। দুইপক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরবর্তীতে সংঘর্ষে জড়ায়। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com