আজ
|| || ||
নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ ও বিএনপি নেতারা
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্টার : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপি দলীয় নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে এই অবস্থা পরিলক্ষিত হয়।
এর আগে গত সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকার সড়ক দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবরোধ করে রাখেন গার্মেন্টস শ্রমিকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সেইসঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কে দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও বাস যাত্রীদের।
ফলে মঙ্গলবার সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্নভাবে শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যেন কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন বিএনপি দলীয় স্থানীয় নেতারা।
সকাল থেকে আদমজী ইপিজেড ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
এসময় শ্রমিক দল নেতা আসলাম বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিকদের আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। আমার নেতা শিমুল বিশ্বাস সারাক্ষণ ফোন দিয়ে নারায়ণগঞ্জের পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একইসঙ্গে এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সড়কগুলোতে অবস্থান করছেন। আশা করছি, নারায়ণগঞ্জে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটবে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.