২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন, ছুটি মিলবে ২২ দিন
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৬
২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৪ দিন। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদের ২৬তম বৈঠকে এ ছুটির অনুমোদন দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি এ খসড়া তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে।
এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
খসড়া তালিকায় সরকারি কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের বিধানও রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় পর্বের বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রয়েছে।
সব মিলিয়ে ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এই ২৯ দিনের মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ২২ দিন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com