চট্টগ্রামের আলোচিত ও পুলিশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান, অবস্থান শনাক্তকরণ ও নিবিড় নজরদারির পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতার সানি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। সে আগে বিদেশে থাকতো এবং বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর সে চট্টগ্রামে আসে। বড় সাজ্জাদের আরেক সহযোগী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার হওয়ার পর তার পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সানীকে। এরপর থেকে সে বড় সাজ্জাদের হয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো।
গ্রেফতার সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এ ছাড়াও, সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও জেলা গোয়েন্দা শাখার হাতে এসেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com