আজ
|| || ||
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: চ্যানেল 24
রফিকুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার গাজীপুর
রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে তারা এ বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে প্রথমে ইন্টারস্টপ কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরের পর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের দাবি নিয়ে সড়কে নেমেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
এদিকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়াতেও বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.