আজ
|| || ||
শান্তিপূর্ণভাবে চলছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ আসনে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রযুক্তিনির্ভর ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষাগারের সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান।
এর আগে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আট মাসের মেয়াদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। অপরাধের অভিযোগ থাকলে পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.