প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র্যালি, ঐক্যের ডাক
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব ও সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠনে যুবদল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাদেকুর রহমান সাদেক। তিনি বলেন, “আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এ শপথ নেব। বাংলাদেশের উন্নয়নে সার্বোত্তম ভূমিকা রাখার জন্য সবার সহযোগিতা চাই।”
নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই দুপুর বেলার রৌদ্রের সময় আমাদের এই প্রোগ্রাম স্বার্থক করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাই।”
খাইরুল ইসলাম সজিব বলেন, “নারায়ণগঞ্জ জেলা যুবদল সব সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আমরা কাজ করবো। নারায়ণগঞ্জ জেলায় যতক্ষণ যুবদল আছে, ততক্ষণ বিএনপির ভিতরে প্রাণ আছে। সেই প্রাণকে উদ্দীপ্ত রাখতে আমাদের সবার ঐক্য ও ভালোবাসার প্রয়োজন।”
মশিউর রহমান রনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিতে হবে। আজকে এখান থেকে আমরা শপথ নেব, প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ধরনের বদনাম হয়, এমন কোনো আচরণ আমরা করব না। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত হব না। যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করব এবং দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জ যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্যসচিব আশরাফ ভূঁইয়া, রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, ফতুল্লার হাজী মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com