আজ
|| || ||
ময়লার স্তূপের পাশে দুপুরের খাবার খেয়ে তনুর নেতৃত্বে স্বেচ্ছাসেবীদের প্রতিবাদ
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৬
ময়লার স্তূপের পাশে বসে দুপুরের খাবার খেয়ে বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার্স’-এর সদস্যরা। তাঁদের সামনে পড়ে ছিল প্লাস্টিক ও পচনশীল বর্জ্য। স্তূপের মধ্যে ছিল একটি মৃত কুকুরও।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর মাসদাইরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
সংগঠনটির অভিযোগ, জনবহুল এলাকায় দিনের পর দিন ময়লা জমে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। পাশেই রয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। বিপরীত পাশে রাবেয়া জেনারেল হাসপাতাল। প্রতিদিন এ পথে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন।
কর্মসূচির ব্যানারে দৃশ্যমান বর্জ্য সমস্যার সমাধান না হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা কীভাবে ব্যবস্থা নেবেন সে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় ‘স্বপ্নের নারায়ণগঞ্জ, শক্তিশালী বাংলাদেশ’ গড়ার আহ্বান জানানো হয়।
প্রতিবাদে অংশ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবসায়ী নেতা আহমেদুর রহমান তনু বলেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ পড়ে থাকলেও সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। প্রতিদিন শিশু ও সাধারণ মানুষ এ পথ দিয়ে চলাচল করেন। এর মধ্যে ডেঙ্গুর প্রকোপও কমেনি।
তিনি আরও বলেন, নগরের বিভিন্ন স্থানে স্কুল ও মার্কেটের সামনে ময়লা পড়ে থাকতে দেখা যায়। এসব বর্জ্য দ্রুত অপসারণ করে নগরবাসীর জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘আমরা ইতিমধ্যে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে দ্রুত সমস্যাটির সমাধান করা হয়।’
তিনি আরও বলেন, শুধু ময়লা অপসারণ করলেই হবে না, নগরবাসীর সচেতনতাও বাড়াতে হবে। সবার উদ্যোগেই একটি পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.