আজ রবিবার, অক্টোবর ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় গুড়পুকুরের মেলা নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও মনগড়া দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রতিবাদ জানান।

আবু জাহিদ ডাবলু বলেন, গুড়পুকুরের মেলাকে চারশ বছরের পুরোনো বলা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে দীর্ঘদিন ধরে চলে আসা এ মেলা তার ঐতিহ্য ও লোকসংস্কৃতির ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোতে যেভাবে মেলা অনুষ্ঠিত হয়েছে, এবারও সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে, বিশেষ করে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপি নেতৃবৃন্দ ও সাতক্ষীরার জেলা প্রশাসককে জড়িয়ে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি মনে করেন। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

আবু জাহিদ ডাবলু বলেন, গুড়পুকুরের মেলা সাতক্ষীরার ঐতিহ্য ও লোকসংস্কৃতির সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

উল্লেখ্য, দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

Exit mobile version