আজ
|| || ||
শ্রীপুরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগ, ৮ কিশোর আটক
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৬
শ্রীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে আট কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় শ্রীপুর থানার সামনে একদল যুবক জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল বের করেন।
মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়ার মুখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে আট কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির নেতাকর্মীরা।
আটক কিশোররা হলো—আরিফ, আতিকুর, জুনাইদ, মমিন, সতেজ, কনিক, জয় ও রানা। প্রাথমিকভাবে তাদের বাড়ি শ্রীপুর উপজেলার মাষ্টার বাড়ি ও বাঘের বাজার এলাকায় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। তবে মিছিলের আয়োজন কারা করেছিলেন এবং এর পেছনে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর পৌর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে পৌর শহরে মিছিল বের করা হয়েছিল। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.