আজ
|| || ||
নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। জেলার ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন ব্যবহার ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ২৪০টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এসআরবি-১১ অধিনায়ক বলেন, নারায়ণগঞ্জে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতটি জেলায় সার্বক্ষণিক ১৮টি টহল দল মোতায়েন রয়েছে। নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, সমন্বয় সেল ও চেকপোস্টের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, পূজামণ্ডপে যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে পূজামণ্ডপ এবং আশপাশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অরাজকতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পূজামণ্ডপ কিংবা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন।
পূজা উদ্যাপন কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করতে হবে।
এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক ও তৎপর থাকবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.