নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জালকুড়ি হাইস্কুল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জের খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এই নারায়ণগঞ্জে অনেক জাতীয় খেলোয়াড়ের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকার সিটি করপোরেশনকে ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।”
জালকুড়ি এলাকায়ও একটি ফুটবল মাঠ নির্মাণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এই এলাকার মানুষের খেলাধুলার প্রতি যে আগ্রহ, তা ধরে রাখতে আমরা কাজ করব। শুধু ফুটবল নয়, ক্রিকেটকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সিটি করপোরেশন থেকে ফুটবলের জন্য ১০ জন ও ক্রিকেটের জন্য পাঁচজন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জালকুড়ি মাঠেও একজন প্রশিক্ষক নিয়োগের চেষ্টা করব, যাতে এখানকার খেলোয়াড়েরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন।”
সাখাওয়াত বলেন, “যে এলাকার মানুষ খেলাধুলাকে ভালোবাসে, সেই এলাকায় অন্যায়, মাদকাসক্তি ও অবিচার থাকতে পারে না। আজকের এই মাঠে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে, এ এলাকার মানুষ খেলাধুলাকে ভালোবাসে।”
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হকি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন খান বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চালু হওয়া ‘নতুন কুঁড়ি’র আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে এর দ্বিতীয় মৌসুমের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনও অনলাইনের মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে বলে যোগ করেন তিনি।
নারায়ণগঞ্জকে খেলাধুলার উপযোগী শহর হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে সাখাওয়াত বলেন, “আমরা এমন একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই, যেখানে অন্যায় থাকবে না, মাদকাসক্তি থাকবে না, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা থাকবে না। শান্তির নারায়ণগঞ্জ গড়ে তোলার যে স্বপ্ন, তা আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বড় মাঠগুলো উন্নয়ন করার পাশাপাশি ক্রীড়াবিষয়ক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে খেলাধুলার মাধ্যমে তরুণেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



