ময়লার স্তূপে পড়ে ছিল ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাত
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৬
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ সাটিয়াবাড়ি (মোল্লাবাড়ী) এলাকার আব্দুল খালেকের ছেলে। বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, নূর মোহাম্মদ তাঁর দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন। এ সময় সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে সেটির বিস্ফোরণ ঘটে। এতে তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি আরও জানান, ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com