নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতভর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নারী ও পুরুষসহ ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ওসি মহম্মদ আব্দুল বারিক।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এর দিকনির্দেশে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম- এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জাবায়, রাতভর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১ জন ও মাদকসেবী ২৫ জন, চুরি মামলায় ১ জন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদকসেবীদের তালিকায় স্থানীয় বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরাও রয়েছে। এছাড়া চুরি মামলার আসামি মো. আরিফ (২২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাকিব ও মো. মানিক মিয়াকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



