আজ
|| || ||
নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধে পুলিশের প্রশংসনীয় ভূমিকা, রাজীবের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জ শহরে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের কারণে নগরীতে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর সুযোগ করে দিতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেছে পুলিশ। পুলিশের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানা যায়, ইউনাইটেড এপারেলসের শ্রমিকরা চাষাড়ার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে নারায়ণগঞ্জ শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে পড়ে। অন্যদিকে, সলিমুল্লাহ সড়কে সেঞ্চুরি এপারেলসের শ্রমিকরাও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থান নেয়। একই সঙ্গে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা।
এ অবস্থায় পুলিশের পাশাপাশি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে আশ্বাস দেন। তার আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরে শ্রমিকদের সঙ্গে নিয়ে রাজীব চাষাড়া থেকে পায়ে হেঁটে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে যান।
শ্রমিকদের বিক্ষোভের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে অচলাবস্থা তৈরি হলেও পুলিশ ধৈর্য, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। বলপ্রয়োগের পরিবর্তে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ ও পরিস্থিতি শান্ত রাখার ওপর গুরুত্ব দেওয়ায় পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার এবং শ্রমিকদের জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার উদ্যোগ পরিস্থিতি স্বাভাবিক করার পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.