চাষাঢ়ায় ইউনাইটেড ও সেঞ্চুরি গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৬
বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ এবং বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিমিটেড ও সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকেরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান, বকেয়া পাওনাদি পরিশোধ এবং নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা না পাওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় তাঁরা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন। বারবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়েও সমাধান না পেয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে গত ৮ অক্টোবর সকালে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় ইউনাইটেড অ্যাপারেলসের কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি চাষাঢ়া হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা স্মারকলিপি দেন। নিয়মিত বেতন দিতে দেরি করা, তিন কিস্তিতে মজুরি পরিশোধ এবং শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় গত ৩০ সেপ্টেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ইউনাইটেড অ্যাপারেলসের কর্মী পলি বলেন, “কোনো সমাধান আমাদের দেয় না। উল্টো ‘আজ যাও, কাল এসো’ বলে ঘোরায়। ১৫ দিন ধরে এভাবে ঘুরে কোনো সমাধান না পেয়ে এবং পেটে ভাত না থাকায় মালিককে ফোন দেওয়া হলেও তিনি ফোনে সাড়া দেননি বা কোনো সমাধান দেননি। নিরুপায় হয়েই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”
অপর কর্মী মোসাম্মৎ সিমা বলেন, কারখানার প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন। নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কার্যালয়ে তালা ঝুলছে। জেলা প্রশাসন হস্তক্ষেপ করলেও মালিকপক্ষ তা মানেনি বলে অভিযোগ করেন তিনি।
ঘরভাড়া ও খাবারের টাকা জোগাড় করতে না পেরে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন উল্লেখ করে সিমা বলেন, নিয়ম মেনে কারখানা চালু করতে হবে, নয়তো শ্রমিকদের আইনগত সব পাওনা পরিশোধ করতে হবে।
আন্দোলনের সময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের পাওনা ও কারখানার সংকট নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা পুলিশ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান তাঁদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় ইতিবাচক সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান।
ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “বন্ধ কারখানা খুলে দেওয়া এবং শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পরিশোধের দাবিতে দু’টি কারখানার শ্রমিকরা এক ঘন্টা সড়কটি অবরোধ করে রাখেন। পরে তাদের আলোচনার প্রস্তাব দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।”
শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেওয়া বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, আন্দোলনের সময় এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সরেজমিনে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করেন। তাঁর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংকট নিরসনে বৈঠক অনুষ্ঠিত হবে।
শ্রমিকদের এসব অভিযোগ ও চলমান সংকটের বিষয়ে বক্তব্য জানতে সেঞ্চুরি অ্যাপারেলস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন এবং ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মো. নবী নেওয়াজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও দুটি সংযোগই বন্ধ পাওয়া গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com