আজ
|| || ||
সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ, ফিরলেন পুরোনো স্মৃতিতে
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৬
দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন তারা। সেই ঘোষণায় যেমন নতুন অতিথি আসার আনন্দ রয়েছে, তেমনি ফিরে এসেছে তাদের প্রথম সন্তানকে ঘিরে সুখবর জানানোর পুরোনো স্মৃতিও।
কিয়ারা ও সিদ্ধার্থের পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাদের হাতের ওপর রাখা এক জোড়া ছোট্ট সাদা মোজা। সেই মোজার ওপর রাখা প্রথম সন্তানের ছোট্ট হাত। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আরও একবার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।’
তারকা দম্পতির এই পোস্ট প্রকাশ্যে আসার পর শুভেচ্ছায় ভাসতে শুরু করেন তারা। কারিনা কাপুর খান মন্তব্য করেছেন, ‘আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!’ এ ছাড়া করণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানীসহ আরও অনেকে কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন।
দ্বিতীয় সন্তানের সুখবর দেওয়ার ধরনেও রয়েছে বিশেষ মিল। প্রথমবার মা-বাবা হতে যাওয়ার খবরও একইভাবে জানিয়েছিলেন তারা। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি কিয়ারা ও সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, তাদের জীবনের ‘সর্বশ্রেষ্ঠ উপহার’ আসতে চলেছে। তখন ছবিতে শুধু তাদের দুজনের হাত দেখা গিয়েছিল।
এরপর একই বছরের ১৬ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনেন তারা। তাদের ঘরে আসে কন্যাসন্তান। মেয়ের প্রথম ঝলক প্রকাশের সময়ও ছিল সেই সাদা মোজার উপস্থিতি। গত বছরের নভেম্বরে সাদা মোজা পরা খুদে একজোড়া পায়ের ছবি পোস্ট করেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। ফলে তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর সঙ্গে সাদা মোজার একটি আলাদা যোগ তৈরি হয়েছে।
২০২৫ সাল কিয়ারা ও সিদ্ধার্থের জন্য নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল। মা হওয়ার পাশাপাশি কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা মুক্তি পায়। যদিও দুটি সিনেমাই বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি।
এবার ২০২৬ সালে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দিলেন কিয়ারা। একই বছর মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’, যা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
অন্যদিকে ২০২৫ সালে সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘দ্য বন’। দুটি সিনেমাই দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সিনেমার হিসাব-নিকাশের বাইরে কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এখন নতুন অধ্যায়ের অপেক্ষা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.