আজ
|| || ||
দুই কর্মীর জুতায় পাওয়া গেল ১৬ কোটি টাকার সোনা
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই কর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
এনবিআর কর্মকর্তা মো. আল আমিন শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে ফ্লাইটটি বিমানবন্দরের ২১ নম্বর গেটসংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় অবস্থানকালে ওই দুই কর্মীকে তল্লাশি করা হয়।
এ সময় এমিরেটসের ফ্লাইটটির কর্মী মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমানের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি সোনার বার পাওয়া যায়। তাঁরা দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।
এনবিআর জানায়, উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সবগুলো বারের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতর সোনার বার লুকিয়ে চোরাচালানের এ কৌশলের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.