আজ
|| || ||
১ দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৬
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, সকালে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড শুনানিতে আখতারুজ্জামান বলেন, এটি একটি ষড়যন্ত্র। মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ তার বাসায় হাজির হয় বলে অভিযোগ করেন তিনি।
দুপুরে আখতারুজ্জামানকে আদালতে নেওয়া হলে প্রিজন ভ্যান থেকে নেমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ছুড়ে ফেলেন মাথার হেলমেট। অপরদিকে আদালত চত্বরে স্লোগান দিতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি। আর বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা।
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ পেতে বিলম্ব হওয়ায় সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। একই সঙ্গে তাকে গালিগালাজ ও হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.