আজ শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ খ্রিস্টাব্দ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে স্পিকারের সঙ্গে প্রায় পাঁচ মিনিট আলোচনা শেষে তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকরা ভেতরে কী কথা হয়েছে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

এ সময় সাংবাদিকরা তিনি পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে কোনো জবাব না দিয়ে দ্রুত চলে যান। পরে গাড়িতে ওঠার সময়ও সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

এ বিষয়ে স্পিকারের কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত চলছে। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কী- না, সেটা তদন্তাধীন।’

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ নারী সংরক্ষিত আসন থেকে সংসদে নির্বাচিত ৩৬ জন আইনপ্রণেতার একজন ফেরদৌসী। চলতি বছরের ৩ মে সংরক্ষিত আসনের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন।

Exit mobile version