ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিদ্যমান ২ ও ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন দুটি ওয়ার্ড গঠিত হলে ডিএনসিসিতে মোট ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৬টিতে।
এ লক্ষ্যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত ২০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন বিদ্যমান ২ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে আরও একটি নতুন ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে আরও একটি নতুন ওয়ার্ড গঠনের লক্ষ্যে প্রস্তাব পাওয়া গেছে।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ২৭ ও ২৯ ধারা অনুযায়ী নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ কাজে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসকের প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com