রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িয়ে পড়া হকারদের গ্রেপ্তারে জোরালো চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড় ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
ভিডিওতে দেখা যায়, মার্কেট সংলগ্ন ভবন ও নিচতলার মসজিদ অংশ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় এবং সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ হকাররা তাণ্ডব চালায়। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ভেকু ও পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অপরাধী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে পুরো এলাকাজুড়ে সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com