নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনার পর ‘আর কোনো কর্মীর ওপর হামলা হলে থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। ওই ঘটনার পর ১৭ সেকেন্ডের একটি ভিডিও এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
ওই ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। যদি আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইট পর্যন্ত খুলে নেব।’
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘এ ধরনের বক্তব্য কেউ দিয়েছে কিনা আমি তা শুনিনি।
তখন আমি ভেতরে ছিলাম। কিন্তু এমন বক্তব্য কেউ দিয়ে থাকলে তা ভালো চর্চা নয়। তারা দায়িত্বশীল পদে অবস্থান করে এভাবে থানার ভেতর বক্তব্য রাখতে পারেন না। এই ধরনের বক্তব্যের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
তবে এনসিপি নেতা যুবাইর সরদার বলেন, এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার পর আমাদের নেতাকর্মীরা অনেক বেশি উত্তেজিত ছিল। তাদের কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, নেতাকর্মীদের শান্ত করার জন্য। পরে আমি নেতাকর্মীদের শান্ত করার জন্য এরকম বক্তব্য দিই। সেই সঙ্গে নেতাকর্মীরা শান্ত হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম।
এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বক্তব্য রাখায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালান। হামলার ঘটনার পর এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নেন। থানার সামনে মিছিল করেন এবং বিএনপির লোকজনের বিরুদ্ধে স্লোগানও দেন। রাতে থানায় যান এনসিপির স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিনও।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com