আজ
|| || ||
ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: এমপি আবুল কালাম
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বিএনপির সঙ্গে যারা কঠিন সময়ে ছিল না, তারা এখন নানা কৌশলে দলের নেতাকর্মীদের সঙ্গে মিশে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের নবীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে আয়োজিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, বিএনপির নেতাকর্মীরা জানেন কারা দুঃসময়ে পাশে ছিলেন আর কারা নিজেদের স্বার্থে নীরব থেকেছেন। তার ভাষায়, ‘‘যারা আপনাদের ও বিএনপিকে সহযোগিতা করেনি, তারা ঘাপটি মেরে নিজেদের ফায়দা লুটেছে। এখন তারা গায়ে গায়ে মিশে থাকার চেষ্টা করছে। স্বার্থ শেষ হয়ে গেলে আবার উড়াল দেবে। তাই তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।’’
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৮ বছর দলটির নেতাকর্মীদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। অনেকেই বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেননি, সন্তান হারানোর মতো ঘটনাও ঘটেছে এবং ভোটাধিকার থেকেও মানুষ বঞ্চিত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব পরিস্থিতির মধ্যেও বিএনপির নেতাকর্মীদের বুকে ধানের শীষের প্রত্যয় অটুট ছিল বলে উল্লেখ করেন আবুল কালাম।
তিনি আরও বলেন, ‘‘আমরা আবার সেই সময়ের দিকে ফিরে যেতে চাই না। শহীদ জিয়ার আদর্শের ধানের শীষ বুকে ধারণ করে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। তারেক রহমান বিদেশে অবস্থান করেও যে রাজনৈতিক পথনির্দেশনা দিয়েছেন, সেই পথ অনুসরণ করেই আমরা নির্বাচিত হয়েছি।’’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবুল কালাম অভিযোগ করেন, বিএনপির বিরোধী পক্ষগুলো এখনো সক্রিয় রয়েছে এবং তারা ফের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনের সময় প্রাণহানির ঘটনাগুলোর বিচার হওয়া প্রয়োজন। তার বক্তব্য অনুযায়ী, যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের রায় মেনে নিতে হবে।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলটি সবসময় অবস্থান নিয়েছে। কেউ ককটেল বিস্ফোরণ কিংবা অন্য কোনো কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আবুল কালাম বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। সামনে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি সুবিধাবাদী ও স্বার্থান্বেষী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শহর ও বন্দরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা পূরণে কাজ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে দীর্ঘ সময় পর আবারও দায়িত্ব দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আবুল কালাম বলেন, ‘‘শহর ও বন্দরের উন্নয়নে যেসব আশ্বাস দেওয়া হয়েছে, সেগুলো আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা থাকবে। আপনারা আমাকে ২০ বছর পর পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে এনেছেন। তাই শহর-বন্দরের মানুষের প্রত্যাশা ও চাহিদা পূরণে কাজ করে যেতে চাই।’’
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.